বাংলাদেশী বংশোদ্ভূত ইমানি সংগীতশিল্পী মুসলাহ সম্প্রতি তার নতুন আরবি নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশ করেছেন। পবিত্র কুরআনের একটি আয়াতের আলোকে সৃষ্ট এই নাশিদটিতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা হৃদয় ছোঁয়া ভাষায় তুলে ধরা হয়েছে।
মাত্র ১২ বছর বয়সে কোরআন হিফ্জ করা মুসলাহ বর্তমানে ফ্রান্সে বসবাস করছেন। পড়াশোনা ও ব্যবসার পাশাপাশি তিনি বহুদিন ধরে ইসলামি সংগীতের সাথে জড়িত ছিলেন এবং এই নাশিদের মাধ্যমে ইসলামি সংগীতের বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করেছেন।
নাশিদটির চিত্রায়ন মরক্কোর ট্যাঞ্জিয়ার ও শেফশাওয়েনে সম্পন্ন হয়েছে। খ্যাতনামা মরক্কোর পরিচালক বাদর হাসসানীর পরিচালনায় এবং সোল এ নামের এক সংগীত পরিচালকের সুরে সাজানো এই নাশিদটি ইতোমধ্যে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়ে বিশ্বজুড়ে মুসলিম শ্রোতাদের কাছে প্রশংসিত হচ্ছে।
মুসলাহ বলেন, ‘আমি চাই ইসলাম, নবীজীর প্রতি ভালোবাসা এবং তরুণদের হৃদয়ের অনুভূতি-সবকিছু একসাথে জাগ্রত হোক।’
তার এই সুন্দর ও অনুভূতিপূর্ণ নাশিদটি ইতোমধ্যেই বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।