দেশের অর্থনৈতিক সঙ্কট থেকে উত্তোরণে নতুন নতুন উদ্যাক্তা তৈরিতে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. মো: আলী আফজাল।

তিনি বলেন, দেশে প্রায় আট কোটি তরুণ রয়েছে। যারা একদিকে যেমন দেশের জন্য সম্পদ, তেমনই তাদের হাতে যদি সময়মত কাজ তুলে না দেয়া যায় তাহলে তা বিপদ ডেকে আনতে পারে।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মিরপুরের কাজীপাড়া কৃষিবিদ গ্রুপের অডিটোরিয়ামে ঢাকাস্থ মাগুরা ফোরাম (ডিএমএফ) আয়োজিত ফ্রি উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। এতে ঢাকা ও আশপাশের জেলায় বসবাসরত মাগুরার শতাধিক উদ্যোক্তা ও উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোখলেছ উর রহমান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: ওবায়দুর রহমান। প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ডিএমডি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকাস্থ মাগুরা ফোরামের সহ-সভাপতি আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া।

কর্মশালায় মাগুরা জেলায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা, নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগের সুযোগ তৈরি এবং মাগুরাকে কীভাবে আরো উন্নত ও সমৃদ্ধ জেলায় পরিণত করা যায়, এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা সবাই সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করলে মাগুরার মানুষের জন্য বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, ঢাকাস্থ মাগুরা ফোরামের সাধারণ সম্পাদক মো: আলমগীর হাসান রাজু।

আয়োজকরা জানান, ঢাকা ও মাগুরায় ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের মাধ্যমে মাগুরায় শত শত নতুন উদ্যোক্তা তৈরি করাই তাদের লক্ষ্য। পাশাপাশি জেলার অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের মাধ্যমে মাগুরাকে এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ঢাকায় আয়োজিত এ কর্মশালার ধারাবাহিকতায় মাগুরা জেলায় বসবাসরতদের নিয়েও শিগগিরই একই ধরনের উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।