এবারের ঈদুল ফিতরে টানা নয় দিন ছুটি মিলতে পারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। আগেই টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে একদিন ছুটি ঘোষণা করা হতে পারে।
আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে একদিন ছুটি ঘোষণার প্রস্তাব উঠতে পারে। বুধবার (১৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবারও (৩ এপ্রিল) নির্বাহী আদেশে ছুটি দেয়ার প্রস্তাব আগামীকালের উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠতে পারে।
ওই প্রস্তাব অনুমোদন পেলে শুক্রবার (২৮ মার্চ) থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা নয় দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
চাঁদ দেখা সাপেক্ষে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করা হয়েছিল। এই হিসেবে কাগজপত্রে শনিবার (২৯ মার্চ) শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন শুক্রবার (২৮ মার্চ) সাপ্তাহিক ছুটির দিন। একইসাথে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে শুক্রবার থেকে।
আগের ঘোষণা অনুযায়ী, ছুটি শেষে অফিস খোলার কথা ছিল বৃহস্পতিবার (৩ এপ্রিল)। এর পরের দু‘দিন আবার সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখন আগামী বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি হলে আগামী শুক্রবার থেকে শনিবার পর্যন্ত টানা নয় দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এই ছুটি শুরুর দু’দিন আগে আছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা থাকবে। ফলে ছুটির সুযোগ আরো বেশি থাকছে।
এদিকে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নতুন কার্যনির্বাহী কমিটির একজন সদস্য জানিয়েছেন, এবারের ঈদে সংবাদমাধ্যমগুলোতে তিন দিন ছুটি থাকবে। তবে রোজা যদি ৩০টি হয়, তাহলে একদিন বাড়িয়ে চারদিন ছুটি করা হবে। সূত্র : ইউএনবি