প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অসুস্থ শিক্ষার্থী শাফকাত ইউনুস তাশদিদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধানমন্ডিতে তাশদিদের বাসায় যান ডা: বিটু। সেখানে তিনি তাশদিদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় তাশদিদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেন তিনি।

এর আগে, বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশন দেখতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সানিডেলের দশম শ্রেণির শিক্ষার্থী তাশদিদ। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কাছে গিয়ে শারীরিক অবস্থার খোঁজ নেন।

পরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা: মনোয়ারুল কাদির বিটুকে ডেকে এনে তাশদিদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ডা: বিটু প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাশদিদকে আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারে নেয়া হয়।

চিকিৎসা শেষে তাশদিদকে নিরাপদে ধানমন্ডির বাসায় পৌঁছে দেন ডা: বিটু ও প্রটোকল কর্মকর্তা কামরুল ইসলাম।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, তাশদিদ প্রায় সাত বছর ধরে একটি বিরল ধরনের হরমোনজনিত রোগে ভুগছে।

অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক উদ্যোগ এবং পরদিনও তার শারীরিক অবস্থার খোঁজ নেয়ার বিষয়টি সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।