রাজধানীতে বিরাজমান প্রতিকূল আবহাওয়ার কারণে আজ ঢাকামুখী একটি আন্তর্জাতিক এবং তিনটি অভ্যন্তরীণ ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয় বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) কর্মকর্তারা জানান, শারজাহ থেকে যাত্রী ও কার্গো নিয়ে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট ৫১৪, একটি এয়ারবাস এ৩২১ বিমান, নির্ধারিতভাবে ঢাকায় অবতরণ না করে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী চট্টগ্রামে পাঠানো হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বলেন, ‘বিমানটি বিকেল ৪টা ৩৩ মিনিটে নিরাপদে চট্টগ্রামে অবতরণ করে।’
তিনি আরো জানান, অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর মধ্যে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট ৪৪৬, যা কক্সবাজার ঢাকা রুটে পরিচালিত হচ্ছিল, সেটিও পরিবর্তিত হয়ে বিকেল ৪টা ৩২ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে।
বাকি দুটি ফ্লাইট ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের, রাজশাহী থেকে ছেড়ে আসা ফ্লাইট বিএস১৬৪ এবং সৈয়দপুর থেকে ছেড়ে আসা ফ্লাইট বিএস১৮৮। উভয়ই ছিল এটিআর ধরনের বিমান এবং তাদের গন্তব্য ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
কর্মকর্তারা জানান, এই দুটি ফ্লাইট যথাক্রমে বিকাল ৪টা ৪৭ মিনিট ও ৫টা ১৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সূত্র : বাসস