প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শিশুর মানসিক বিকাশে দৃষ্টিনন্দন নির্মাণ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
শিশুর মানসিক বিকাশে দৃষ্টিনন্দন নির্মাণ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিশুর মানসিক বিকাশ, শতভাগ ভর্তি নিশ্চিত এবং সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষে ঢাকা মহানগরীতে দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এতে শিশুরা সুন্দর ও আধুনিক পরিবেশে শিক্ষাগ্রহণ করতে পারে। পরবর্তীতে ঢাকার বাইরে দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে।

রোববার রাজধানীর উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় এই পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন নির্মাণকারী সংস্থা হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ প্রকল্প বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিশুরা শুধু বই পড়ে শিখে না স্কুলের সামগ্রিক কার্যক্রম দেখেও শিখে। সবচেয়ে বেশি শিখে অভিভাবকদের থেকে। কারণ শিশুরা অভিভাবকদের সাথে বেশি সময় ব্যয় করে। দৃষ্টিনন্দন স্কুল করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা খুব প্রয়োজন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামান বলেন, আজকের শিশুরাই আগামীতে দেশ পরিচালনা করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি এলজিইডির প্রধান প্রকৌশলী মো: আব্দুর রশীদ মিয়া বলেন, আমরা মানসম্মত টেকসই দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক মো: সাইফুর রহমান এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: ছোহরাব আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (শিক্ষা) মো: মাহাবুব আলম, উপপ্রকল্প পরিচালক এস, এম মোর্শেদ বিপুল, ঢাকা জেলা নির্বাহী প্রকৌশলী মো: বাচ্চু মিয়া, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী (শিক্ষা) মোহা: কবির উদ্দীন শাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষার সুন্দর পরিবেশ, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ ও শিশুর মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যে উক্ত প্রকল্পের আওতায় আধুনিক সুযোগ সুবিধা সহ ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ যে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়। সেগুলো হচ্ছে- আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরা খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াক-আপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিরপুর, সুত্রাপুর কোব্বাদ সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়।