পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৫৯ হাজার ১০১ হজযাত্রী।

রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানা গেছে, এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৫৩টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৫১৮ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৯২৭টি ভিসা ইস্যু করা হয়েছে।

১৫৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৯টি, সৌদি এয়ারলাইন্সের ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ পলন করতে গিয়ে এ পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন পুরুষ ও একজন নারী। তারা হলেন জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো: ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো: শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন পাঁচ হাজার দুই শ’ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার নয় শ’ জন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।