বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইকুরিয়া কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট ও ফিটনেস সনদ প্রদানে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবির অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেরানীগঞ্জের ইকুরিয়ায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করেন।
দুদক জানায়, বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে সেবা প্রার্থীদের হয়রানি, ঘুষ দাবি এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।
দুদক জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র : বাসস