গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো: নাজমুল করিম খান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ জাহিদুল হাসান গাজীপুরস্থ বৃহত্তর রয়েল জেলা (চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী) ব্যবসায়ী উন্নয়ন ফোরাম কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
সম্প্রতি জিএমপি কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ব্যবসায়ীদের ঐক্যবদ্ধতা ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ তৈরির ওপর জোর দেন পুলিশ কর্মকর্তারা।
সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: জাহিদুল হাসান ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘ব্যবসায়ীদের ঐক্যের প্রয়োজন। ব্যবসায়ীরা এক থাকলে সমাজ ও ব্যবসা এগিয়ে যাবে।’
তিনি গাজীপুরে কোনো চাঁদাবাজি চলতে দেয়া হবে না উল্লেখ করে বলেন, ‘গাজীপুরে ব্যবসায়ীদের কাছে কেউ যদি চাঁদা দাবি করে তাহলে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। প্রয়োজনে আমাদেরকে জানাবেন। সকলের সহযোগিতায় গাজীপুরকে চাঁদাবাজ মুক্ত করা হবে।’
তিনি আরো বলেন, ‘চাঁদা ও মাদকের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্সে কাজ করছে।’ তিনি যারা মাদক ও চাঁদাবাজির সাথে জড়িত তাদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান এবং ব্যবসায়ীদের সর্বোচ্চ সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, সভার শুরুতে গাজীপুরস্থ বৃহত্তর রয়েল জেলা ব্যবসায়ী উন্নয়ন ফোরাম কমিটির সদস্যরা জিএমপি কমিশনার ড. মো: নাজমুল করিম খান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মো: জাহিদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার মো: রবিউল হাসান এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: রবিউল ইসলাম।