যাত্রাবাড়ী থানার ওয়াসিম শেখ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসাথে যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন হত্যা মামলায় আনিসুল হক ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় এই পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর জিহাদ হোসেন হত্যা মামলায় আনিসুল ও মামুনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ওয়াসিম শেখ হত্যা মামলায় আনিসুল হকের তিন দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেফতার করা হয়। আর ৩ সেপ্টেম্বর রাতে মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

সূত্র : বাসস