নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপিত হয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতন ঘটে।

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বার্তা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানকে ‘সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত’ আন্দোলন হিসেবে বর্ণনা করেন, যা বাংলাদেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির পথ প্রশস্ত করেছিল।

আজ বুধবার এখানে প্রাপ্ত এক বার্তায় এ কথা বলা হয়েছে।

অনুষ্ঠান চলাকালীন জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলী বর্ণনাসমৃদ্ধ দু’টি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

বলপূর্বক গুম তদন্ত কমিশনের কমিশনার ড. নাবিলা ইদ্রিস একটি পূর্ব-ধারণকৃত ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যেখানে তিনি সামনের সারিতে থাকা ছাত্র বিক্ষোভকারীদের সমর্থন করার অভিজ্ঞতা শেয়ার করেন।

মিশনের মৈত্রী হলে আয়োজিত এই অনুষ্ঠানে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস