মালয়েশিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর সাথে সম্পৃক্ত একটি উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩৬ জন বাংলাদেশীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এই গোষ্ঠীটি বাংলাদেশ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে অভিযোগ।

আজ শুক্রবার মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এ তথ্য প্রকাশ করেছে। তবে তাদের নাম ও ছবি প্রকাশ করা হয়নি।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল জানিয়েছেন, গত ২৪ এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে চালানো এক বিস্তৃত অভিযানে এই ৩৬ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, ১৫ জনকে দেশে ফেরত পাঠানো হবে এবং বাকি ২১ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।

মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যে উঠে এসেছে যে, এই বাংলাদেশীদের গোষ্ঠীটি মালয়েশিয়ায় আইএসের চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দেয়ার চেষ্টা করছিল এবং নতুন সদস্য সংগ্রহের জন্য বিভিন্ন সেল গঠন করেছিল। এই সেলগুলো উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ এবং বাংলাদেশের বৈধ সরকার উৎখাতের পরিকল্পনায় কাজ করছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, মালয়েশিয়াকে কোনো বিদেশী উগ্রবাদী গোষ্ঠীর আশ্রয়স্থল হতে দেয়া হবে না। তিনি এই অভিযানকে জাতীয় নিরাপত্তার জন্য গৃহীত দৃঢ় পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছেন এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পেশাদারত্বের প্রশংসা করেছেন।

তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোয়েন্দা কার্যক্রম আরো জোরদার করবে এবং দেশীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে যাতে মালয়েশিয়া সন্ত্রাসবাদমুক্ত থাকে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, মালয়েশিয়াকে যদি কোনো উগ্রবাদী গোষ্ঠী তাদের কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করার চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেয়া হবে।