মালয়েশিয়ার সেশনস কোর্টে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধের জন্য দুই বাংলাদেশীর বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়েছে। অভিযুক্তরা হলে— মো: মামুন আলী (৩১) ও রেফাত বিশাত (২৭)।
শুক্রবার (১৫ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানায়, অভিযুক্ত মো: মামুন আলী সাহিফুল্লাহ ইসলাম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থন জানানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ঘটনাটি ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ঘটেছে।
দেশটির পেনাল কোডের ১৩০জে (১)(এ) ধারার অধীনে এই অভিযোগ আনা হয়েছে। এই আইনে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানাও হতে পারে। অভিযানে একসাথে ৩৬ জন আটক হলেও এর মধ্যে ২ জন এবং আজকে ২ জনকে আদালতে তোলা হয়েছে।
মালয়েশিয়া সফরের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ বিষয়ে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যৌথভাবে তদন্ত করা হচ্ছে।
অভিযুক্ত অপরজন রেফাত বিশাত গত ১০ জুলাই বিকেল সাড়ে ৪টায় লারকিন ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি বাড়িতে তার ফোনে আইএসের পতাকার ছবি রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
দেশটির পেনাল কোডের ১৩০জেবি(১)(এ) ধারার অধীনে এই অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড অথবা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত হতে পারে বলে জানিয়েছে বারনামা।
এ ঘটনায় ৩৬ জন বাংলাদেশী আটক হলেও বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।