ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে আগামী সোমবার (৭ এপ্রিল) ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা' কর্মসূচির অংশ হিসেবে ক্লাস, ল্যাব ও পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি জরুরি নোটিশের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।

এতে বলা হয়, ‘আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, গাজার জনগণের প্রতি অটল সংহতি প্রকাশ করছি। আমরা গ্লোবাল স্ট্রাইকে অংশ নিয়ে গাজার জনগণের ওপর চাপিয়ে দেয়া সন্ত্রাসী ইজরায়েলের দখলদারিত্ব, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলছি। এজন্য আমরা কোনো ক্লাস, ল্যাব কিংবা পরীক্ষায় অংশ নেব না।’

এই সিদ্ধান্তের পূর্বে ‘নোবিপ্রবি সকল বিভাগ এবং সকল ব্যাচ’ নামে অফিসিয়াল ফেসবুক গ্রুপে শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নেয়া হয়, যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী এ উদ্যোগকে সমর্থন জানান।

নোটিশে আরো বলা হয়, ‘এটি শুধু একটি আঞ্চলিক ইস্যু নয়, এটি মানবাধিকারের, মর্যাদার এবং ন্যায়ের বিষয়। আমাদের নীরবতা হবে সহ-অপরাধের সমান। তাই আমরা শান্তি, স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে অবস্থান নিচ্ছি।’

এ ব্যাপারে নোয়াখালী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও নোবিপ্রবি শিক্ষার্থী বনি ইয়ামিন বলেন, ‘আমরা মনে করি এখন নীরব থাকাটা অন্যায়ের পক্ষে দাঁড়ানোর শামিল। বিশ্বব্যাপী যখন গাজার মানুষ নৃশংস গণহত্যার শিকার হচ্ছে, তখন আমাদের অবস্থান স্পষ্ট করা জরুরি। তাই গাজাবাসীর ডাকে সাড়া দিয়ে শান্তিপূর্ণভাবে ক্লাস-পরীক্ষা বর্জন করে আমরা তাদের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছি। তবে আমরা পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে কথা বলে জেনেছি আগামীকাল কোনো সেমিস্টার পরীক্ষা নেই। তাই ক্লাস-ল্যাবে অংশগ্রহণ না করার জন্যে আহ্বান করছি আমরা।’

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে তাদের দাবি ও প্রতিবাদের ভাষা তুলে ধরেছেন। একইসাথে সামাজিক মাধ্যমে প্রচারের জন্য বিভিন্ন হ্যাশট্যাগ দিয়েছেন।