ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এ কর্মসূচিতে সাম্যের হত্যাকারীদের দ্রুততম সময়ে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ এবং সারাদেশে নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি জানানো হয়।
এ সময় ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান জাস্টিস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’, ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কি করে?’ স্লোগানের মধ্য দিয়ে ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ প্রতিবাদ প্রকাশ করেন।
কর্মসূচিতে জাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, ‘সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, বরং গণতন্ত্রকামী ছাত্রসমাজের ওপর বর্বর হামলা। দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয়ের কিছু মহল প্রচার করছে, ঘটনাটি সোহরাওয়ার্দী উদ্যানে ঘটেছে, অথচ এটি প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরেই সংঘটিত হয়েছে।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ স্থান হওয়ার কথা ছিল। কিন্তু সরকারের নির্লিপ্ত ভূমিকা ও প্রশাসনের ব্যর্থতায় আজ ঢাবির মেধাবী শিক্ষার্থী সাম্য খুন হয়েছে। এ ঘটনায় ভিসি ও প্রক্টরের পদত্যাগ ছাড়া দায়মুক্তির সুযোগ নেই।’
তিনি আরো বলেন, ‘আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। সামনে জাকসু নির্বাচন, কিন্তু এখনো জুলাইয়ে হওয়া হামলার সাথে জড়িত ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস এলাকায় ঘোরাফেরা করছে। জাকসু নির্বাচনের আগে তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
এ সময় কর্মসূচিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।