সত্যকে গ্রহণ করে জীবনের সর্বস্তরে মানবিক মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল কর্তৃক আয়োজিত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত অভিভাবকবৃন্দের মতবিনিময় সভায় হাই স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে অনুষ্ঠিত অভিভাবকগণের মতবিনিময় সভায় ভিসি আরো বলেন, ‘প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানদের বিষয়ে যত্নবান হওয়া জরুরি। এক্ষেত্রে প্রতিনিয়ত শিক্ষার্থীদের শিক্ষাসম্বন্ধীয় কার্যক্রম খেয়াল রাখবে হবে।’ তবে শিক্ষার্থীরা প্রযুক্তির সহায়তা নিয়ে ভালোকে গ্রহণ ও মন্দকে দূরে রেখে উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন ভিসি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাকৃবি হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্বাস উদ্দিন।

সভায় বিশেষ অতিথি ছিলেন গাকৃবির রেজিস্ট্রার মো: আবদুল্লাহ্ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন গাকৃবি হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য প্রফেসর ড. মো: আজিজুল হক এবং মমরাজ আলমসহ হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন গাকৃবি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক দীপক লাল ভৌমিক। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার মানোন্নয়নের উপর বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো গাকৃবি হাই স্কুলও একদিন দেশসেরা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এ প্রত্যাশা উপস্থিত সকলের।