জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘স্মার্ট লিকুইড ট্রি’ শীর্ষক প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫ আগস্ট) দুপুরে বিভাগে আয়োজিত ‘IoT-Based Smart Liquid Trees for Carbon Footprint Mitigation in Dense Urban Areas of Bangladesh’ শীর্ষক সেমিনারে প্রযুক্তিটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (আরআইসি)-এর সহযোগিতায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক গোলাম মঈনুদ্দিন এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমানের নেতৃত্বে প্রযুক্তিটি উদ্ভাবিত হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শহরাঞ্চলে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ নিয়ন্ত্রণে গাছের বিকল্প হিসেবে এ প্রযুক্তি ব্যবহারযোগ্য।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এ ধরনের উদ্ভাবন শুধু দেশের জন্য নয়, বরং বৈশ্বিক কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমিয়ে জিরো ইমিশন লক্ষ্য অর্জনে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি কানেক্টের উপযোগী পরিবেশ তৈরি করে এ ধরনের উদ্ভাবনকে এগিয়ে নেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘স্মার্ট লিকুইড ট্রি প্রযুক্তিতে আমাদের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি। রিসার্চ ইনোভেশন সেন্টারের (আরআইসি-জেইউ) সহযোগিতায় প্রযুক্তিটি এগিয়ে নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের উদ্ভাবনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’
গবেষকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রযুক্তিটি যেন সকলের সামর্থ্যের মধ্যে থাকে, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে।’
এছাড়া সেমিনারে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান এবং প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো: শামছুল আলম, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো: সোহেল রানা, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো: মনোয়ার হোসেন, রিসার্চ ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক মাসুম শাহরিয়ার, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকবৃন্দ।
উল্লেখ্য, আরআইসি-জেইউ-এর তত্ত্বাবধানে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে গবেষণায় আরো যুক্ত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম জি সরওয়ার হোসেইন এবং ইপিএল সল্যুশন ইউএসএ’র এম শাকিলুর রহমান।