দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গবেষণাভিত্তিক অক্সফোর্ড-একিউএ প্রাক-প্রাথমিক শিক্ষা কারিকুলাম চালু করেছে উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল।

এ কারিকুলামে দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য রয়েছে কাঠামোবদ্ধ ও গবেষণাভিত্তিক পাঠ্যক্রম, যা যুক্তরাজ্যের স্বীকৃত প্রাথমিক স্তরের শিক্ষা কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া এ কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে প্রয়োগ হচ্ছে বলে জানা গেছে।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত উইটন ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে এ কারিকুলামের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান ড. আবদুল্লাহ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য থেকে আগত অক্সফোর্ড-একিউএর ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু কুম্ব।

প্রধান অতিথির বক্তব্যে অ্যান্ড্রু কুম্ব বলেন, ‘বাংলাদেশে এ কারিকুলামের সূচনা আমাদের জন্য অত্যন্ত গর্বের। উইটন ও গাইডেন্সের মতো অগ্রসর প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এ কারিকুলাম বাংলাদেশের প্রাক-প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে।’

উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান ড. আবদুল্লাহ জামান বলেন, ‘আমরা বিশ্বাস করি, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো শিশুকে ভালোবাসা, আদর্শ ও নৈতিকতার আলোকে গড়ে তোলা। অক্সফোর্ড-একিউএ আমাদের সেই লক্ষ্য অর্জনে একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে।’

অনুষ্ঠানে অক্সফোর্ড-একিউএর প্রশিক্ষণ ও সহায়তা টিমপ্রধান ম্যাট ম্যাকগ্রেগর, বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা, উইটন ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল (জুনিয়র স্কুল) সৈয়দা মিরা তাবাসসুম, উইটন ইন্টারন্যাশনাল স্কুলের আর্লি ইয়ার্স অ্যান্ড জুনিয়র স্কুলের ভাইস প্রিন্সিপাল মহসিনা শারমিন নিশাত, পারভীন কাদের ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল কর্নেল আলাউল কবির উপস্থিত ছিলেন।