জাতিসঙ্ঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও শিক্ষক অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জামাল উদ্দীন স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের কৃতি শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাবির সাবেক সিনেট সদস্য এবং বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানকে গ্রেড-২ রাষ্ট্রদূত পদমর্যাদায় জাতিসঙ্ঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গৌরবের বিষয়।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, অধ্যাপক ওয়াহিদুজ্জামান ১৯৮৯ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও পরিবেশ বিভাগে অধ্যয়ন করেন। শিক্ষাজীবনে তিনি ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন এবং জাকসুর নির্বাচিত ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মনোনীত সিনেট সদস্য হিসেবে নীতিনির্ধারণী কার্যক্রমে ভূমিকা রাখার পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন ‘বিবর্তন’-এর সংগঠক ও মঞ্চ অভিনেতা হিসেবেও অবদান রাখেন।

বিবৃতিতে বলা হয়, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস), রিমোট সেন্সিং, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অধ্যাপক ওয়াহিদুজ্জামানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

শিক্ষক ফোরাম আশা প্রকাশ করে, তার শিক্ষা, গবেষণা, পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা জাতিসঙ্ঘের বিভিন্ন ফোরামে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ, দেশের মর্যাদা বৃদ্ধি এবং বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

বিবৃতিতে আরো বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থীর এ অর্জন বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের। একইসাথে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে নিয়োগ দেয়ায় সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শেষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।