টানা ভারী বৃষ্টিতে মৌলভীবাজারের সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের তথ্য অনুযায়ী, মনু নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার এবং ধলাই নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে জুড়ী নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দুই দিন ধরে জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে ভারী বৃষ্টির কারণে নদ-নদীর পানি আরো বৃদ্ধি পেতে শুরু করে।

এদিকে টানা বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বৃষ্টি অব্যাহত থাকায় দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকেরা কাজে যেতে পারছেন না। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে জীবিকা সঙ্কট আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের বিভিন্ন জেলার নদ-নদীর পানি বাড়ছে। আবহাওয়া অধিদফতর আরো বৃষ্টির পূর্বাভাস দেয়ায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, বুধবার বিকেল পর্যন্ত জেলার প্রধান নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তবে বৃহস্পতিবার সকালে মনু নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার এবং ধলাই নদীর পানি ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরো বলেন, বৃষ্টি অব্যাহত থাকায় নদীর পানি বাড়ছে। নদীর বাঁকগুলোতে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এজন্য প্রয়োজনীয় লোকবল ও প্রস্তুতি রয়েছে।