জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছয় বছর পর সংগীত বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ সংগীত উৎসব।
মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ।
আগামীকাল বুধবার (৭ মে) বিজ্ঞান ভবন মাঠে বিভাগের সদ্য পরলোকগত শিক্ষার্থী প্রত্যাশা মজুমদারকে উৎসর্গ করে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। উৎসবের মূল প্রতিপাদ্য হলো ‘সুস্থ সংস্কৃতির বিকাশ।’
ড. ঝুমুর আহমেদ বলেন, ‘দীর্ঘ ছয় বছর পর আমাদের চতুর্থ সংগীত উৎসবের আয়োজন করা হচ্ছে। এটি বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এই উৎসবের জন্য উন্মুখ হয়ে আছে। বিভাগের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেবে। আমরা আশাবাদী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সবাই অনুষ্ঠানটি উপভোগ করবেন।’
বিভাগ সূত্রে জানা যায়, উৎসবটি তিন অধিবেশনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টার দিকে প্রথম অধিবেশনে সেমিনার হবে। এতে সভাপতিত্ব করবেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করবেন সহকারী অধ্যাপক ড. আলী এফ এম রেজোয়ান এবং সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আলী নকী আলোচনা করবেন।
এদিন বিকাল ৩টার দিকে দ্বিতীয় অধিবেশন শুরু হবে। সংগীত বিভাগের সদ্য পরলোকগত শিক্ষার্থী প্রত্যাশা মজুমদারকে এই উৎসব উৎসর্গ করা হয়েছে। প্রত্যাশা মজুমদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর পরিবেশিত হবে উদ্বোধনী সংগীত ‘ধ্বনিল আহ্বান’ এবং ‘ও আলোর পথযাত্রী।’
এছাড়া সমবেত পরিবেশনায় থাকবে অষ্টপ্রহরের রাগ, রাগসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশাত্মবোধক গান, আধুনিক গান, উপশাস্ত্রীয় সংগীত এবং লোকসংগীত।
শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে ‘সাগর বাউল’ এবং সম্মেলক পরিবেশনায় ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে থাকবেন খায়রুল আনাম শাকিল, লাইসা আহমেদ লিসা, প্রিয়াংকা গোপ ও সাগর দেওয়ান।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: রেজাউল করিম। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেবেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং স্বাগত বক্তব্য রাখবেন সহকারী অধ্যাপক ড. আলী এফ এম রেজোয়ান।