বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিপিএমএ) উদ্যোগে রাজধানীর মিরপুরে দিনব্যাপী ‘শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মিরপুরের ৪ নম্বর ওয়ার্ড মার্কেট কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মশালায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মুফতী মোস্তফা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা খলীলুর রহমান সাজ্জাদ নোমানী (হাফিযাহুল্লাহ)।

তিনি তার বক্তব্যে বলেন, যুগোপযোগী, দক্ষ ও আদর্শ শিক্ষক তৈরির মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। তিনি শিক্ষকগণকে ইলম, আমল, আখলাক এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতির সমন্বয়ে শিক্ষাদান করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা লোকমান মাজহারী, মুহতামিম, মাজহারুল উলূম মাদরাসা; প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা আব্দুল বাতেন কাসেমী; ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, আমির, পয়ামে ইনসানিয়াত; এবং মাওলানা সাইফুদ্দীন নদভী, প্রতিষ্ঠাতা, সানা ইন্টারন্যাশনাল স্কুল। এ ছাড়াও বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন হাফেজ কারী নাজমুল হাসান, সভাপতি, বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ কমিটি; মাওলানা যুবায়ের আহমাদ, পরিচালক, আহমাদস এডুকেশন; এবং মাওলানা মুসা খান, স্বত্বাধিকারী, এতমিনান পাবলিকেশন্স। প্রশিক্ষকবৃন্দ আধুনিক পাঠদান-পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, কার্যকর শিক্ষণ-কৌশল, মূল্যায়ন পদ্ধতি এবং একজন আদর্শ শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মাওলানা মাহফুযুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালাটি বিকেল ৫টা ৩০ মিনিটে দেশ, জাতি ও শিক্ষাঙ্গনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।