ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ছাত্রদলের উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ শে মার্চ) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহম্মেদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল গেটের সামনে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ আয়োজনে অংশগ্রহণ করেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে রাজু আহম্মেদ বলেন, সহমর্মিতা ও সংযমের মাস রমজানের শুরু থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে রয়েছেন। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়া আমাদের মানবিক দায়িত্ব। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় অসহায় জনগণের জন্য কাজ করবে।
এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে দেশের তরুণ সমাজকে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ।
তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল শহীদ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এক একটি গণতান্ত্রিক, মানবিক মর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে একটি জনকল্যাণমুখী বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।