রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ২৪ ঘণ্টার অভিযানে ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২৩টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদক, স্বর্ণালংকার ও বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ২১ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৩৪ জন, তেজগাঁও বিভাগে ৪৮ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগে ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে আটজন রয়েছেন।

তিনি আরো জানান, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেনসিডিল, ৪৯৪ দশমিক ১২ গ্রাম স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, একটি পিকআপ, একটি বাস ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।