ওভারটাইমের বকেয়া টাকা না পেয়ে মালিকের প্রাইভেটকার নিয়ে চলে যান এক চালক। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর ঢাকার বংশাল এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ এবং চালক মো: জলিল মৃধাকে (৫৯) গ্রেফতার করা হয়।
সোমবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতার চালক মো: জলিল মৃধা পটুয়াখালীর গলাচিপা উপজেলার ভাইয়ার হাউলা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর ভাটারা থানার সাইদনগর এলাকায় বসবাস করতেন।
৯৯৯-এর তথ্য অনুযায়ী, রাজধানীর ভাটারা থানার নতুনবাজার এলাকা থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তার ব্যক্তিগত গাড়ির চালক কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে চলে গেছেন। চালকের মোবাইল ফোনও বন্ধ থাকায় তিনি গাড়ি উদ্ধারে সহায়তা চান। খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক কন্ট্রোল রুমকে জানায়।
৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো: মৃদুল আহমেদ কলটি গ্রহণ করেন এবং পুলিশ ডিসপ্যাচার এএসআই মো: হারুনুর রশিদ উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট ইউনিটের সাথে সমন্বয় করেন। পরে ট্রাফিক কন্ট্রোল রুমের তথ্যের ভিত্তিতে বংশাল থানার চাঙ্খারপুল চৌরাস্তার নাজিমউদ্দিন রোডে শামীম ডেন্টালের সামনে সার্জেন্ট তৌফিক এলাহী সুজন প্রাইভেটকারটি আটক করেন। এরপর বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি থানায় নিয়ে যায় এবং প্রকৃত মালিককে ডেকে বুঝিয়ে দেয়। এ ঘটনায় প্রাইভেটকার নিয়ে চলে যাওয়ার অভিযোগে চালক জলিল মৃধাকে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চালক মো: জলিল মৃধা জানান, ওভারটাইমের বকেয়া টাকা না পাওয়ায় ক্ষোভ থেকে আমি মালিকের প্রাইভেটকার নিয়ে চলে গিয়েছিলাম।