রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩২ জন, লালবাগ বিভাগ থেকে ২৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৫০ জন, মতিঝিল বিভাগ থেকে ৭৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬১ জন, মিরপুর বিভাগ থেকে ৯৯ জন, গুলশান বিভাগ থেকে ৪৫ জন, উত্তরা বিভাগ থেকে ৬১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির তথ্যমতে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০ হাজার ১২৭ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, তিনটি চাকু ও একটি কাচি জব্দ করা হয়। পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।