রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫৮টি মামলা করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৫০ জন, মিরপুর বিভাগে ১২৪ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন, গোয়েন্দা বিভাগে তিনজন এবং সিটিটিসির অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, দুইটি গ্যাস লাইট, ছয়টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা, পাঁচটি ককটেলসদৃশ বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৯৫৬ পিস ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।