রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন এএসআই মো: আতিক হাসান ও কনস্টেবল সুজন। রাত আড়াইটার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ডিবি লালবাগ বিভাগ সিনিয়র (সহকারী) পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেটকারকে প্রতিরোধ করার চেষ্টা করলে ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়। এতে এএসআই আতিক হাসান ও কনস্টেবল সুজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগে আনার পর এএসআই আতিককে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার (ওসেক) ইউনিটে ভর্তি করা হয়। কনস্টেবল সুজনকে ভর্তি করা হয় ১০১ নম্বর ওয়ার্ডে।

তিনি জানান, এই ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। প্রাইভেটকারটি ডিবি হেফাজতে রয়েছে।