রাজধানীর পল্লবীতে বন্ধুর ছুরিকাঘাতে মো: রিফাত (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (২২ জুন) রাতে মিরপুর ১১ নম্বর সেকশন এলাকায় এ ঘটনা ঘটে।
রাত ১২টায় নিহতের বাবা মোহাম্মদ শাহিনসহ কয়েকজন স্বজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকেরা রিফাতকে মৃত ঘোষণা করেন।
নিহত রিফাত স্থানীয় জান্নাত একাডেমি থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে বলে তার স্বজনেরা জানিয়েছে।
পল্লবীর বেনারসি পল্লী এলাকায় পরিবারের সাথে থাকত রিফাত।
তার বাবা মো: শাহিন বলেন, বান্ধবীকে নিয়ে তার বন্ধু আসিফের সাথে রোববার রাতে বাগ্বিতণ্ডা হয় রিফাতের। এর এক পর্যায়ে রিফাতকে পেটে ছুরিকাঘাতে করে আহত করে সেখান থেকে পালিয়ে যায় আসিফ।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বলেন, ‘নিহত রিফাতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’