রাজধানীর আগারগাঁওয়ে মাত্র ১০০ টাকায় গরুর গোশতের সাথে আনলিমিটেড ভাত, ডাল ও আলু ভর্তা বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’কে আটক করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ। পরে সরকারি কাজে বাধা দেয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রোববার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই অংশ হিসেবে আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান। ওই সময় মিজান তাদের ওপর চড়াও হন।
বাগবিতণ্ডার সময় মিজান সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন। এ ঘটনায় তাকে আটক করে প্রথমে থানায় নিয়ে আসা হয়। পরে সরকারি কাজে বাধা দেয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।