ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবন এলাকা থেকে চোর সন্দেহে মো: হৃদয় (৩০) নামের একজনকে আটক করেছেন আনসার সদস্যরা।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢামেকের পুরাতন প্রশাসনিক ব্লক এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়েছে।

ঢামেক হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো: শাহাদাত হোসেন জানান, ঢামেকের পুরাতন ভবনের প্রশাসনিক ব্লকের দায়িত্বরত আনসার সদস্যরা প্রথমে হৃদয়কে দেখতে পান, পরে সন্দেহ হলে তাকে আটক করে ব্যাগ তল্লাশি করা হয়। পরে তার ব্যাগ থেকে একটি ধারালো ছুরি ও ৩টি

ড্রাগ ভর্তি সিরিজ পাওয়া যায়।

তিনি আরো জানান, পরে হাসপাতাল প্রশাসনের কাছে উপস্থাপন করা হলে কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।