গাইবান্ধার সাদুল্লাপুরে ক্যান্সারের অসহনীয় যন্ত্রণা, একদিকে চিকিৎসার ব্যয়—সবমিলিয়ে চরম হতাশায় আত্মহত্যা করেছেন মোতালেব আলী (৫০) নামে এক দিনমজুর। স্বল্প আয়ের এই মানুষের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ।

সোমবার (১০ আগস্ট) উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মোতালেব আলী শ্রীরামপুর হাজীপাড়া গ্রামের মৃত আরদশ আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন মোতালেব আলী। শারীরিক অসুস্থতার কারণে কোনো কাজ করতে পারছিলেন না তিনি। ফলে একদিকে চিকিৎসার জন্য প্রয়োজন হচ্ছিল বিপুল অর্থ, অন্যদিকে বন্ধ হয়ে যাচ্ছিল নিয়মিত উপার্জনের পথ।

স্বজনরা জানান, অসুস্থতার কারণে দিন দিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছিলেন তিনি। ক্যান্সারের যন্ত্রণা তাকে কষ্ট দিচ্ছিল। চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেও আর্থিক সঙ্কটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। নিজের অসুস্থতা ও পরিবারের ওপর বাড়তে থাকা চাপ নিয়ে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন বলে জানান স্বজনরা।

এরই মধ্যে সোমবার সকালে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। এ খবর ছড়িয়ে পড়লে পরিবার-প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে পরিবেশ।

স্থানীয়রা বলছেন, দরিদ্র মানুষের জন্য দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল রোগের চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। বিশেষ করে নিম্নআয়ের মানুষের ক্ষেত্রে অসুস্থতার সঙ্গে সঙ্গে পরিবারের আয়ও বন্ধ হয়ে যায়। তখন অন্যান্য ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়ে।

তাদের দাবি, ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের জন্য সরকারি সহায়তা আরো সহজলভ্য করা প্রয়োজন। পাশাপাশি দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় কমানো এবং সামাজিক ও মানসিক সহায়তার ব্যবস্থা জোরদার করা জরুরি।

সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।