বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (বার্ড) কুমিল্লার প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানের ১১১তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে বার্ড মিলনায়তনে এ উপলক্ষে ‘ড. আখতার হামিদ খানের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, সারা বিশ্বে পল্লী উন্নয়নে পুরোধা ব্যক্তিত্ব ড. আখতার হামিদ খান। তার নেতৃত্বে বার্ডের উদ্ভাবিত ‘দারিদ্র্য বিমোচনে কুমিল্লা মডেল’ বিশ্বে সমাদৃত।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের পরিচালক সালাহ উদ্দিন ইবনে সাঈদ।

জন্মবার্ষিকী উপলক্ষে ড. আখতার হামিদ খানের ম্যুরাল পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে বার্ড জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বার্ডের সহকারী পরিচালক আব্দুল্লা-আল-মামুন। এ সময় প্রবীণ সমবায়ীবৃন্দ, বার্ডের সাবেক মহাপরিচালক, বাংলাদেশ সমবায় অ্যাকাডেমির উপাধ্যক্ষ, বর্তমান অনুষদ সদস্য, অ্যাকাডেমির কর্মচারী ইউনিয়নের সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন।