কুষ্টিয়া সীমান্ত থেকে পৌনে ৯ কোটি টাকা মূল্যের এলএসডি ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি ৪৭ ব্যাটালিয়ন। এ সময় একজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তি একটি খুনের সাথে জড়িত বলে জানা গেছে।

বিজিবি ৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্তের জামালপুর, ঠোটারপাড়া, মহিষকুন্ডি ও আশ্রয়ণ এলাকায় দু‘দল মাদক কারবারীর সংঘর্ষে মোহন নামে এক যুবক নিহত হন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বিজিবির কাছে তিনি এ ঘটনার জন্য সোহেলের নাম উল্লেখ করেন। পরে হাসপাতালে মোহন মারা যান। পরে বিজিবি অভিযান পরিচালনা করে।

শনিবার (২৮ জুন) ভোরে আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৪/৬-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া থেকে সোহেল (২৮)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৭ বোতল (৫০ এমএল) ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

সোহেলকে মাদকদ্রব্যসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।