বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, নাতে রাসুল (সা.) পরিবেশন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকালে গাউছিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পরে ট্রাফিক মোড় মুক্তমঞ্চে নাতে রাসুল (সা.) পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ওসমান গনি এবং বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার সাবেক সভাপতি হারুনুর রশিদ এবং কাঠ ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো: মহিউদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার সভাপতি আসহাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা আবু তালেব মঈনী, জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী সা. উদযাপন কমিটির সভাপতি মাওলানা নুরুল ইসলাম, কমিটির সদস্য সচিব ইমদাদুল হক বাহাদুরসহ জেলা সদর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সা. সমগ্র মানবজাতির জন্য শান্তি, সাম্য, মানবতা ও ন্যায়বিচারের বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। তাঁর আদর্শ ও সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনা করলে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব।