নড়াইলে সেনাবাহিনীর অভিযানে মাগুরা জেলার দুর্ধর্ষ ডাকাত মনিরুল ইসলাম ওরফে মনিরসহ (৪৮) পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুরে নড়াইল জেলা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সেনাবাহিনী।

গ্রেফতারকৃতরা হলো- মাগুরা সদরের রেরইল পলিতা গ্রামের মনিরুল ইসলাম ওরফে মনির, রিপন মাহমুদ (৩৬), শাহারিয়া ইসলাম জয় (১৯), বাটাজোড় বিল্লাল হোসেন (৪৮) ও তকুব্বার মোল্যা (৪০)।

চক্রটি দীর্ঘদিন মাগুরাসহ আশপাশের এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্রের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা জানতে পারেন, মনির ডাকাত ও তার সহযোগীরা নড়াইল জেলা হাসপাতাল এলাকায় অবস্থান করছেন। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এ সময় ধারালো সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়। এই ধারালো অস্ত্রটি ডাকাতির কাজে ব্যবহৃত হতো।

মনির ডাকাতের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত দেড় ডজন মামলা রয়েছে। মনিরসহ পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, মাগুরায় ডাকাতিসহ একাধিক মামলার আসামি মনিরসহ পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।