সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মনছুরুল আলম (৪৩) ও মানিক চন্দ্র শীল (৪২) নামে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার (১৮ এপ্রিল) ভোর রাতে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসচালক পাবনার হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মনছুরুল আলম এবং একই গ্রামের জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)। এ সময় গুরুতর আহত সুম্য দাসের ছেলে সুমন কুমার দাসকে (৪২) উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে সকালে উল্লাপাড়া উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ব্রহ্মকপালিয়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ দু’জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত ব্যক্তিদের উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ঘটনার সময় বাঘাবাড়ি থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক বগুড়া যাচ্ছিল। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে ঢাকা থেকে পাবনাগামী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে উল্লিখিত দু’জন মারা যান ও একজন আহত হন। ঘটনার সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজে পুলিশকে সহযোগিতা করে স্থানীয়রা।