নড়াইলের কালিয়ায় পুকুরের পানিতে ডুবে রিয়ান শেখ ও রাহাদ শেখ নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ জুন) সকালে কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের আটলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু রিয়ান শেখ (একবছর ৮ মাস) জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের আটলিয়া গ্রামের রিয়াজ শেখের ছেলে এবং রাহাদ শেখ (একবছর ৯ মাস) একই গ্রামের সৌদি প্রবাসী শিমুল ওরফে রবি শেখের ছেলে। শিশুদু’টি সম্পর্কে আপন চাচাতো ভাই।
চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেলজার হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দুই শিশু রিয়ান শেখ ও রাহাদ শেখ বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজ্ঞাতে তারা পুকুরের পানিতে ডুবে যায়। শিশু দু’টিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুজি করতে থাকেন। পরে বেলা ১১টার দিকে দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে স্বজনরা তাদের উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাদেরকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রিয়ান শেখ ও রাহাদ শেখকে মৃত ঘোষণা করেন।
শিশু দু’টির দাদা শফি শেখ বলেন, ‘সকাল ৯টার পর আমি বাড়ি থেকে বের হয়েছি। এরপর প্রতিবেশীর মাধ্যমে জানতে পারি, আমার দুই দাদুভাই আর নেই। এই ব্যথা আমরা কীভাবে সহ্য করব।’
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।