নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে অভিযান চালিয়ে নারীসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে হাতিয়া কোস্ট গার্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্যগুলো নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড ও পুলিশ যৌথভাবে বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ওই এলাকা থেকে দস্যু শামীম বাহিনীর সক্রিয় সদস্য সোহেল (২৩) সুমন উদ্দিন (৩৫) এবং নারী সহযোগী পারুল বেগমকে (৩২) আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, দু’বোতল চেতনানাশক, দু’ভরি ১২ আনা স্বর্ণ এবং ১০ ভরি ১৩ আনা রূপার অলংকার জব্দ করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেয়া তথ্য অনুযায়ী সোনাদীয়া ইউনিয়নের মাইজদী বাজারের প্রিয়া জুয়েলার্স থেকে বিভিন্ন সময়ে ডাকাতি করা ২০ ভরি চার রতি আট পয়েন্ট স্বর্ণ জব্দ করা হয়। এ সময় চুরি করা স্বর্ণব্যবসা ও মজুদের সাথে সংশ্লিষ্টতা থাকায় ওই প্রতিষ্ঠানের মালিক উজ্জ্বল বনিককে (৪২) আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ জানান, আটক ডাকাত সদস্য ও নারী সহযোগীরা বুড়িরচর এলাকা এবং স্বর্ণ ব্যবসায়ী ওছখালীর লক্ষীদিয়া এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হবে।