ফরিদপুরের ভাঙ্গায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মে) উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে এতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মধুখালি উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।

এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার, ভাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: কাজী রমজান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, অ্যাকাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।

কর্মশালায় কামার, শতরঞ্জি, লোকজ শিল্পী, কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী, কাঁসা পিতল পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামতকারী, লোকজ যন্ত্র, নকশী কাঁথা শিল্পী ও শীতল পাটি প্রস্তুত করে এমন পেশার ৩৫ জন প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠী অংশ নেয়।

সভায় বলা হয়, প্রান্তিক এসব মানুষরা অবহেলিত অবস্থায় রয়েছেন। উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাত করতে না পারায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। অনেকে আবার পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হচ্ছে। তাদের জীবনমান উন্নয়নে সরকার কর্মসূচি হাতে নিয়েছে যাতে তাদের অবস্থার পরিবর্তন ঘটে।

সভায় জানানো হয়, প্রকল্পের দ্বিতীয় ফেইজে উপজেলায় কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং প্রশিক্ষণ দিয়ে আর্থিকভাবে সহায়তা করা হবে। যাতে তারা উদ্যোক্তা হতে পারেন এবং মার্কেটিংয়ে ভূমিকা রাখতে পারেন।