বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত ভিসি অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমের কাছে ৮২ দফা দাবি পেশ করেছেন শিক্ষার্থীরা।

গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে ভিসির দফতরে এই দাবিগুলো তুলে ধরা হয়। এর মধ্যে ২১টি দীর্ঘমেয়াদি, ৪১টি স্বল্পমেয়াদি ও ২০টি শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের দাবি রয়েছে।

গত সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষার্থীদের মধ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়, যেখানে তারা নিজেদের দাবি-দাওয়া উপস্থাপন করেন। পরবর্তীতে সেই দাবিগুলোকে সমন্বয় করে মোট ৮২টি দাবি ভিসির কাছে পেশ করা হয়।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় এর আগে একাধিকবার সঙ্কটে পড়েছে। বিশেষ করে সদ্যবিদায়ী ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিনের সময়কালে প্রশাসনিক অব্যবস্থাপনা, শিক্ষার্থীদের দাবি উপেক্ষা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার মতো ঘটনায় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।

এ বিষয়ে ববির লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, ‘আমাদের টানা ৩০ দিনের আন্দোলনের ফসল এই নতুন ভিসি। আমরা সার্বিক বিষয়ে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি প্রস্তাবনা তুলে ধরেছি এবং এর গুরুত্ব বুঝিয়েছি। তবে এই প্রস্তাবনায় কোনো সময়সীমা বেঁধে দেয়া হয়নি।’