বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তোফাজ্জল হত্যায় ভালুকা মডেল থানায় করা হত্যা মামলায় যুবলীগ নেতা মো: শাহাব উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়।

শাহাব উদ্দিন উপজেলার হাজিরবাজার এলাকার আইনুদ্দিন শেখের ছেলে এবং মল্লিকবাড়ী ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

জানা গেছে, মডেল থানা পুলিশ গত বুধবার (৯ এপ্রিল) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামি শাহাব উদ্দিন হাসিনা সরকারের আমলে জমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে তোফাজ্জল হত্যা মামলা ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া শাহাব উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় তোফাজ্জল হোসেন নামে এক নির্মাণশ্রমিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

পরে তোফাজ্জল হত্যার ঘটনায় গত ২১ মার্চ ভালুকা মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনের নামে একটি হত্যা মামলা করা হয়। শাহাব উদ্দিন ওই মামলায় ১১৫ নম্বর আসামি।