ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে নাজমুল ইসলাম (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে মহাসড়কের জামিরদিয়া এলাকার এলএক্স স্কায়ার কোম্পানির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলের স্ত্রী মারিয়া আক্তারকে থানার নেয়া হয়েছে। নাজমুল ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা গ্রামের মরহুম রুহুল আমীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাবাজার এলাকার তাজ উদ্দিনের বাসায় ভাড়া থেকে চার মাস ধরে এলএক্স স্কায়ার কোম্পানিতে চাকরি করছেন নাজমুলের স্ত্রী মারিয়া। নাজমুল ও মারিয়ার মধ্যে পারিবারিক কলহ চলছিল। নাজমুল আলাদা বাসায় ভাড়া থাকতেন। গত শনিবার (২১ জুন) রাত ১০টার দিকে প্রতিষ্ঠান ছুটি হওয়ার পর নাজমুল তার স্ত্রীর সাথে কথা বলতে গেলে দু’জনের মাঝে ঝগড়া হয়। রোববার সকালে মহাসড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ নাজমুলের লাশ উদ্ধার করে থানায় নেয়।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, নাজমুল বিষপানে আত্মহত্যা করেছেন। তার মুখ দিয়ে বিষের গন্ধ বের হচ্ছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও তিনি জানান।