ময়মন‌সিং‌হে ছিনতাইকারীর ছু‌রিকাঘা‌তে মজনু মিয়া (৩২) না‌মে এক রিকশাচালক খুন হয়েছেন।

বুধবার (২ জুলাই) রাতে ময়মন‌সিংহ কিশোরগঞ্জ মহাসড়কের সদর উপজেলার পু‌লিয়ামারী এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বৃহষ্প‌তিবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম জানান, এই ঘটনায় হত্যা মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে ময়মন‌সিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও প‌রিবারের সদস্যরা জানান, নিহত মজনু মিয়ার প‌রিবারের অন্যদের সা‌থে ময়মনসিংহ সদরের জেল রোড তালতলা এলাকায় বসবাস করতেন। সেখানে থেকেই তি‌নি রিকশা চা‌লিয়ে জী‌বিকা নির্বাহ করতেন। প্রতি‌দিনের মতো তি‌নি বৃহষ্প‌তিবার দুপুরে রিকশা নিয়ে বের হন। পরে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তি‌নি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীদের সাথে ধস্তাধ‌স্তি‌র একপর্যায়ের উপর্যপু‌রি ছু‌রিকাঘাতে মজনু মিয়া মা‌টি‌তে লু‌ঠিয়ে পড়েন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মন‌সিংহ মেডিক্যাল ক‌লেজ হাসপাতালে নেয়ার সময় পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মন‌সিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হ‌চ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই মজনু মিয়াকে ছুরিকাঘাত করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।