আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা তা জনগণ সিদ্ধান্ত নেবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘আমরা হাজার হাজার ভাইয়ের শাহাদাতের মাধ্যমে ১৬ বছরের স্বৈরাশাসন থেকে মুক্তি লাভ করেছি। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করতে ভারতীয় তাবেদারদেরকে আবারো বাংলাদেশ পুণর্বাসন করার গভীর ষড়যন্ত্র চলছে।’
শুক্রবার (২১ মার্চ) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী, শুভাকাঙ্খী ও বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান বলেন, ‘বাংলাদেশে এক শ্রেণির রাজনৈতিক নেতারা ও এক শ্রেণির কুচক্রী মহল স্বৈরাচারকে পুনর্বাসিত করার স্বপ্ন দেখে। ভারত রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখতে সর্বতভাবে চেষ্টা করছে। আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে চায়, তাহলে দু’হাজার শহিদের জীবন ফিরিয়ে দিতে হবে। ত্রিশ হাজার আহত ও পঙ্গুত্ব বরণকারী ভাইবোনদের হাত-পা ফিরিয়ে দিতে হবে, দৃষ্টিশক্তি হারানো ভাইবোনদের চোখ ফিরিয়ে দিতে হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগকে আর পুনর্বাসনের সুযোগ বাংলার মাটিতে হবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্যের। দলীয় স্বার্থ নয়, ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা নয়। দেশের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জাতীয় ঐক্য গড়ে তুলতে আহ্বান জানান।’
জগন্নাথদিঘী ইউনিয়ন জামায়াতের আমির শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী রবিউল হোসেন রকির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন অপেল, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির কাজী শহিদুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা বেলাল মজুমদার প্রমুখ।