মুন্সীগঞ্জে লিগ্যাল এইডের র্যালি ও আলোচনা সভা
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।
স্থান
মুন্সিগঞ্জ
‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ তাহমিনা হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ নূর ইসলাম। বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, সিভিল সার্জন ডা: মনজুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশনস ফিরোজ কবির, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বিনা অর্থে মামলা পরিচালনা করা হয়। এখানে শুধু মামলা নয় মামলা সংক্রান্ত জটিলতা বিষয় নিয়েও বিনামূল্যে আপস মীমাংসা করা হয়। এছাড়া লিগ্যাল এইড এর মাধ্যমে আইনি পরামর্শ দেয়া হয়।
অনুষ্ঠান শেষে সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা স্মারক গ্রহণ করেন অ্যাডভোকেট হাফিজ উদ্দিন ও অ্যাডভোকেট পাপিয়া আক্তার নিলু।
এ সময় আদালতের অন্য বিচারকগণ ও আইনজীবীসহ জেলার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।