ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে লাল মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নারীসহ আরো পাঁচজন।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাল মিয়া পূর্বভালুকা মণ্ডলপাড়ার আজগর আলী ওরফে ইনতাজ আলীর ছেলে। তিনি পূর্বভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি।
আহতরা হলেন নিহত লাল মিয়ার স্ত্রী তাসলিমা (২৫), একই বাড়ির সূর্যত আলীর স্ত্রী রোকেয়া (৫৫), জোৎস্না আরা ও অটোরিকশাচালক রোমান। আহত মাইক্রোবাসের চালকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ‘রং-সাইডে’ চলে গিয়ে বিপরীতগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায়র পাঁচ যাত্রী ও মাইক্রোরবাসের চালক গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষের আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।