ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একটি রাইস মিল থেকে অবৈধভাবে মজুত রাখা প্রায় ২৫ টন সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কলেজ রোডের মেসার্স সামিয়া অটো রাইস মিলে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মিলের ভেতর থেকে বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে দরজা ভেঙে মিলের ভেতরে প্রবেশ করে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা পাওয়া যায়, যা নতুন মোড়কে বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছিল। অভিযানের সময় মিলের লোকজন আগেই পালিয়ে যান। মিলের সামনে একটি ট্রলি ও একটি ট্রাকে সরকারি চাল পাওয়া গেলে এক ট্রলি চালককে আটক করা হয়। তার দেওয়া তথ্যে মিলের ভেতরে প্রবেশ করে চাল উদ্ধার করা হয়। পরে পুলিশের সহায়তায় চালগুলো উপজেলা পরিষদে নিয়ে রাখা হয়।
ইউএনও জাকির হোসেন জানান, ‘আমাদের কাছে তথ্য ছিল যে কলেজ রোডের সামিয়া অটো রাইস মিলে বিপুল পরিমাণ সরকারি চাল মজুত রয়েছে। অভিযানে গিয়ে তা নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।