বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, সাবেক সিলেট মহানগরী সভাপতি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি, অন্যায়, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজীসহ যাবতীয় মন্দ কাজের অবসানে প্রয়োজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব। সেই নেতৃত্ব সুশিক্ষা ছাড়া তৈরী করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন দ্বীনি তথা ধর্মীয় শিক্ষা। আলোকিত জীবন গড়তে শিক্ষার্থীদেরকে একাডেমিক, জেনারেল জ্ঞানার্জনের পাশাপাশি ধর্মীয় জ্ঞানার্জনে সিরিয়াস হওয়া দরকার। মুসলিম হিসেবে কোরআন, হাদীস-সুন্নাহর অনুসরণ জরুরী। জীবনে সফল হওয়ার জন্য আত্মবিশ্বাসী মানসিকতা লালন, ভয় কাটিয়ে ওঠা, কঠোর প্রচেষ্টা ও পরিশ্রম জোরদার রাখার বিকল্প নেই।
আজ শনিবার সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ছাত্রশিবির আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা ছাত্রশিবির সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার, সিলেট জেলা পশ্চিম ও সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি মনিরুজ্জামান পিয়াস ও সুনামগঞ্জ জেলার এইচআরডি সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, মা-বাবার হক্ব (অধিকার) আদায়, শিক্ষকদের সম্মান করা এবং বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করার গুণে গুণান্বিত হওয়া দরকার। সময়কে অপচয় নয়, যথাযথভাবে ব্যবহার করতে হবে। ভালো বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে ভুল করা যাবে না।
তিনি বলেন, ছাত্রশিবির একটি স্বতন্ত্র ও ব্যতিক্রমী শিক্ষা-প্রতিষ্ঠান। মেধাবীদের প্রিয় সংগঠন। জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে ছাত্রসমাজকে গড়ে তুলতে চায়। সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে মেধাবীদের আকৃষ্ট করে। শিক্ষার্থীদের সমস্যার সমাধানে নেতৃত্ব দেয়। মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।