যারা রাজপথে ছিল না তারাই বিএনপির নামে চাঁদাবাজি করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যারা সুযোগ সন্ধানী, মিটিং-মিছিলে ছিল না তারাই বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে। তাদেরকে বিএনপির সদস্য করা যাবে না। আওয়ামী লীগের লোকজন তো নয়ই।’

তিনি বলেন, ‘এখন পুলিশ যেসব আওয়ামী লীগের লোকজনকে গ্রেফতার করছে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করছে বিএনপির নামধারীরা।’

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘মনে রাখতে হবে, রাজপথে আমাদেরকে কেউ ছাড় দেয়নি। এমন কোনো পুরাতন নেতাকর্মী নাই, যারা জেল খাটেননি, হামলার শিকার হননি।’

তিনি বলেন, ‘আজকে ঐক্যবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে। প্রথম দিকে যারা চাঁদাবাজি করেছে তাদের মধ্যে এক দেড় হাজারকে তারেক রহমান বহিষ্কার করেছে। আমরা গত ১৭ বছর আন্দোলন করেছি। আমরা আন্দোলন করে আওয়ামী লীগকে দুর্বল করেছি। আওয়ামী লীগ কিন্তু একদিনে পতন হয়নি।’

মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমার নেতা জিয়া প্রাণ দিয়েছে, সেই স্বাধীনতা আজ হুমকির মুখে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আমি হয়তো আরো পরে নির্বাচন করতে বলতাম। কিন্তু আমার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়।’

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভুঁইয়া।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।